ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের সফররত সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে শনিবার বিকালে সাক্ষাৎ করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "বিকাল চারটায় বারিধারায় ব্রিটিশ হাইকমিশনের গেস্ট হাউজে টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধী দলীয় নেতা। বিশ্ব পরিস্থিতিসহ দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।''
বাংলাদেশে দুদিনের সফরে টনি ব্লেয়ার শুক্রবার বিকালে ঢাকা পৌঁছেন। তার সঙ্গে স্ত্রী শেরি ব্লেয়ারও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24