ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উনিশ মাসের 'ব্যর্থতার' দায় নিয়ে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, "এই সরকার নিজে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।''
বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, ''নানা কর্মকাণ্ডে এটা প্রমাণিত হয়েছে যে বর্তমান সরকার উনিশ মাসে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের কাছে এখন দুটি পথ খোলা আছে- বিরোধী দলসহ জনগণকে নিয়ে দেশ পরিচালনা, বা ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া।''
মহানগর নাট্যমঞ্চে স্বেচ্ছাসেবক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।
আলোচনা সভার পর দায়া মাহফিল পর্ব শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া।
এর আগে সকালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার জন্য সরকারি দলকে অভিযুক্ত করেন।
তিনি দাবি করেন, তারা (সরকার) ১৯ মাসে জনগণের উন্নয়ন ও সমস্যা সমাধানে কোনো কিছুই করেনি। রাজধানীর অসহনীয় যানজট নিরসন করতে পারেনি। গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের সমাধান, মানুষের কর্মসংস্থানসহ নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নেও তারা ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারে না বলে ৬ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে।
ইফতারে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, সহসভাপতি নাজমুল হুদা, সাদেক হোসেন খোকা, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল আউয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ দলের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৯ ঘ.
bdnews24