ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কোনো রাজনৈতিক প্লাটফর্মের দরকার হয় না-এ কথা বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
'সাংবাদিকতায় নীতি-নৈতিকতা' শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ডিআরইউ ।
শফিক আহমেদ বলেন, "সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ জানতে চায়। সাংবাদিকরা মাধ্যম হিসেবে এ ভূমিকা পালন করে থাকেন। তাই জনগণের সামনে বস্তুনিষ্ঠ ও সত্য খবর পরিবেশন করতে হবে। এজন্য সাংবাদিকদের কোন রাজনৈতিক প্লাটফর্মের দরকার হয় না।"
সাংবাদিকরা কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে সংবাদ পরিবেশন করেন না বলে মনে করেন তিনি।
সাংবাদিকতা একটি মহৎ ও স্বাধীন পেশা-এ কথা উল্লেখ করে তিনি বলেন, "এ পেশায় ঝুঁকির পাশাপাশি দায়িত্ববোধও জড়িত আছে। সোর্স থেকে সংগ্রহ করা খবর বস্তুনিষ্ঠ না হলে তা উপকারের পরিবর্তে অপকার হবে।"
সংবাদপত্র রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, "গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। যে সমাজে সাংবাদিকরা নীতি-নৈতিকতা মেনে খবর পরিবেশন করে সে সমাজ তথা দেশ এগিয়ে যায়।"
আইনজীবি পেশায়ও নৈতিকতার প্রশিক্ষণ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, "ক্লায়েন্টের সঙ্গে ব্যবহার ও মামলা পরিচালনার জন্য সংগৃহীত তথ্য উপাত্ত নীতি-নৈতিকতা মেনেই আইনজীবিদের প্রয়োগ করতে হয়। তেমনি সাংবাদিকরাও খবর পরিবেশনের সময় নীতি-নৈতিকতা মেনে খবর পরিবেশন করবে এটাই কাম্য।"
সাংবাদিকদের তথ্য ভিত্তিক খবর পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনগণের তথ্য পাওয়ার বিষয় নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। আপনাদেরও (সাংবাদিক) তথ্য পেতে এ আইন সহায়ক ভূমিকা পালন করবে।"
সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যাপারে তিনি বলেন, "পেশার দক্ষতার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। এ প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান আপনাদের সংবাদ পরিবেশনে পরিলক্ষিত হবে বলে আশা করি।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংবিধান ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না।"
বেসরকারি সংগঠন ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) সহযোগিতায় এ কর্মশালায় ৪০ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিআরইউ সভাপতি শামীম আহমদ, সহ-সভাপতি আজমল হক হেলাল, সাধারণ সম্পাদক পথিক সাহা এবং প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৩২৭ ঘ.
bdnews24