ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে এ মামলায় তাদেরকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রফিকুল ও মোয়াজ্জেমের দায়ের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
এ মামলায় ঢাকার একটি আদালত গত ১৬ অগাস্ট বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
গত ১৪ অগাস্ট পল্টন থানা পুলিশ রফিকুল ও মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
মামলায় তাদের বিরুদ্ধে গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
তাদের পক্ষে হাইকোর্টে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এইচএ/২১১৮ ঘ.
bdnews24