ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সাথে অনেক কাজে হাত দেওয়ায় সরকার এখন কঠিন পরিস্থিতি অতিক্রম করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
বৃহস্পতিবার ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
এ পরিস্থিতি উত্তরণে তিনি সমালোচনা না করে সরকারের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।
সুরঞ্জিত সেন বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার, ৭২ এর সংবিধানে প্রত্যাবর্তন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের খুঁজে বের করে ফিরিয়ে আনা, ২১ অগাস্টের গ্রেনেড হামলার বিচার করা, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার প্রভৃতির মতো গুরুত্বপূর্ন ইস্যুকে সরকার একই সাথে এগিয়ে নিচ্ছে। এর সঙ্গে নিয়মিত কর্মকাণ্ডতো রয়েছেই।"
তিনি বলেন, "এ সব কাজ গুরুত্বপূর্ন হলেও এগুলো সুসম্পন্ন করার মতো প্রয়োজনীয় সময়, সামর্থ ও উপকরণ ইত্যাদি নেই। একই সাথে এতো কাজে হাত দেওয়ায় সরকার এ রকম কঠিন পরিস্থিতিতে পড়েছে।"
গোলটেবিল বৈঠকে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এর মধ্যে অধ্যাপক ফরহাদ হোসাইন তার প্রবন্ধে দাবি করেন, ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলার প্রস্তুতি সভা একই মাসের ১৪ তারিখে হাওয়া ভবনে অনুষ্ঠিত হয়। ওই সভায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু উপস্থিত ছিলেন।
তাদের পরিকল্পনায় এ হামলা চালানো হয় বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক মামুন-অর-রশিদ অন্য প্রবন্ধটি উপস্থাপন করেন।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৈঠকে উত্থাপিত এক প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, "তদন্তে দোষী সাব্যস্ত হলেই জামায়াতের সাবেক আমীর গোলাম গোলাম আজমকে গ্রেপ্তার করা হবে। এ প্রসঙ্গে আমি আর কিছু বলতে চাই না। ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদনে জামায়াতের চার নেতাকে ৭১ এর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার দেখানো হয়েছে।"
বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি বাঙালিদের মাঝে পাকিস্তানীদের চর হিসাবে ভূমিকা পালন করেছেন।"
বিচারপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব সৈয়দ রেজাউল হায়াত, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩৯ ঘ.
bdnews24