২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত নিয়ে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিদ্যুত, গ্যাস ও পানি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কাঠোরভাবে দমন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিদ্যুত, গ্যাস ও পানি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কাঠোরভাবে দমন করা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রামজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিষয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রমজান মাসে যানজন, আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা নিয়ে পর্যালোচনা করা হয়। কয়েকটি বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়। যানজট এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে ঈদের ছুটি পাঁচদিন করার জন্য বৈঠকে প্রস্তাব রাখা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সার্বিক বিষয়ে চিন্তা করে ঈদের ছুটি পাঁচদিন করার ব্যাপারে প্রস্তাব আসে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শুক্র এবং শনিবার ছুটি পড়ে গেলে মূলত ঈদের ছুটি ভোগ করা সম্ভব হয় না। ফলে এই পাঁচদিন ছুটির বিষয়ের প্রস্তাবটি সিদ্ধান্ত গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "রমজান মাসে যানজট কিছুটা কমিয়ে আনার জন্য রাজধানীর স্কুলগুলো ১০ রমজানের পর ছুটি দেওয়ার ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। যৌক্তিক মনে হওয়ায় এই বিষয়টিও সিদ্ধান্ত গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।" সভায় রমজান মাসে বিদ্যুত, পানি এবং গ্যাস যাতে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা যায় সে ব্যাপারে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সভায় উপস্থিত ব্যবসায়ীরা প্রথম রোজা থেকে ১০ রোজা পর্যন্তরাত ৮টা, ১১ রোজা থেকে ২০ রোজা পর্যন্ত রাত ১০টা, ২১ রোজা থেকে ২৭ রোজা পর্যন্ত রাত ১২টা এবং ২৭ রোজার পর থেকে ঈদ রাত পর্যন্ত সারা রাত দোকান খোলা রাখার ব্যাপারে বলেছেন।" তিনি বলেন, "বিষয়টি গ্রহণযোগ্য মনে হয়েছে। ফলে সিদ্ধান্ত গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।" তিনি জানান, "বর্তমানে রাজধানীতে সাতটি জোন ভাগ করে সে অনুযায়ী মার্কেট দেড় দিন করে বন্ধ থাকে। এই দেড় দিনের মধ্যে প্রথম দিন পুরো দিন এবং পরের দিন আধাবেলা। সভায় উপস্থিত ব্যবসায়ীরা দেড় দিনের বদলে সাপ্তাহিক ছুটি একদিন করার দাবি জানিয়েছেন।" এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চেষ্টা করা হবে একদিন বন্ধ রাখার। তাতেও যদি না হয় তা হলে পুরো দিনের আগে আধা বেলা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।" রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "সভায় প্রস্তাব এসেছে চাঁদাবাজি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ, র‌্যাব, ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করার। এই কমিটি প্রতিটি মার্কেট পরিদর্শন করবে। প্রস্তাবিত কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।" মন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে যানজট কমবে।" মন্ত্রী ফুটওভার ব্রীজ ব্যবহার, রমজান মাসে মার্কেটের পাশে মাঠগুলোতে গাড়ি পার্কিং করার বিষয়টি কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধি, ব্যবসায়ী, পুলিশ প্রধান, র‌্যাব প্রধান, এসবি প্রধান, বিডিআর ও আনসারের উর্ধ্বতন কর্মকর্তাগন এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬৩২ ঘ.