ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও তা হচ্ছে না।
কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, সাঈদী অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হচ্ছে না। আদালত বসলে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেওয়া হবে।
ট্রাইব্যুনালের বিচারক মো. নিজামুল হক, এ টি এম ফজলে কবির ও এ কে এম জহির আহমেদ আদালতে আছেন। কিছুক্ষণ পর আদালত বসার কথা রয়েছে।
একই অপরাধের এক মামলায় এর আগে গত ২ অগাস্ট জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে প্রথমবারের মতো পুরানো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সেদিন আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চারজনকে এ মামলায় গ্রেপ্তার রাখার আদেশ দিয়ে কারাগারে পাঠায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ অগাস্ট ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ১০ অগাস্ট (মঙ্গলবার) হাজির করার আদেশ দেয়।
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গত ২৬ জুলাই ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে ২ আগস্ট হাজির করার আদেশ দেন।
এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে এই আদালতের বিচার কাজ শুরু হয়।
সেদিন আদেশে ট্রাইব্যুনাল আরো বলে, "গত ২১ জুলাই ট্রাইব্যুনালে দায়ের করা ১ নম্বর মামলায় নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্তের স্বার্থে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রয়োজন।
"চিফ প্রসিকিউটর আরো বলেছেন, যদিও তারা অন্য মামলায় গ্রেপ্তার আছেন; কিন্তু এ মামলায় তারা গ্রেপ্তার নন। ওইসব মামলায় তাদের জামিন পাওয়ার এবং বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।"
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "এই চারজন যাতে বেরিয়ে যেতে না পারে
bdnews24