খুলনা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার দিঘলিয়া উপজেলার একটি মসজিদ থেকে ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার খানবাড়ি জামে মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবিরের জেলা কমিটির প্রকাশনা সম্পাদক মো. সোহেল হোসেন (২৮), দিঘলিয়া উপজেলা পশ্চিম শাখা সভাপতি সাদিকুর রহমান (২১), দিঘলিয়ার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জালাল শেখ (২২), দিঘলিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক মো. সাইফুল্লাহ (২১) ও কর্মী আব্দুর রহিম (২৬)।
দিঘলিয়া থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে মসজিদে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে মামলা হবে।
শিবির নেতার দুদিন রিমান্ড
পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় খুলনা মহানগর শিবিরের সাবেক সভাপতি মিয়া মুজাহিদুল ইসলামকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. বারেকুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, মুজাহিদুলকে গত ১৩ জুলাই ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাকে খুলনায় নিয়ে আসা হয়।
গত ৩০ জুন জাময়াতে ইসলামীর আমিরসহ তিন নেতার মুক্তির দাবিতে নগরীর ডাকবাংলা মোড়ে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24