২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদী ফের ৪ দিনের রিমান্ডে

লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 05:33 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান রিমান্ডের এই অনুমতি দেন। এর আগে তাকে চার দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক(সিআইডি) মো. মোস্তাফিজুর রহমান সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় সাঈদীর পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করেন। সাঈদীর পক্ষে অ্যাডভোকেট আবদুর রাজ্জাক বলেন, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ডের ব্যাপারে হাইকোর্টের আদেশ অমান্য করা হচ্ছে। এ মামলায় মঙ্গলবার জেএমবির সাংগঠনিক প্রধান আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদকে চার দিনের রিমান্ডে অনুমতি দেন একই বিচারক। রিমান্ড আবেদন শুনানিতে বিশেষ পাবলিক প্রসিকিউটর এম এ কামরুল হাসান খান আসলাম বলেন, কারা কারা হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল এবং জার্মানিতে কারা তাকে হত্যা করেছে তা জানার জন্য সাঈদীকে আবারো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানিতে রাষ্ট্রপক্ষ আরো বলেছে, এর আগে রিমান্ডে নিয়ে হুমায়ুন আজাদ হত্যা চেষ্টার অনেক তথ্যই দেলায়োর হোসেন সাইদীর কাছ থেকে পাওয়া গেছে। এ মামলার ঘটনা আরো পরিষ্কার হওয়ার জন্য তাকে জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান এবং জেএমবির সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদের মুখোমুখি করা দরকার। তাই তাকে আরো ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। রিমান্ড আবেদনে বলা হয়, ২০০৩ সালের ২০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ঈদ সংখ্যায় ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস 'পাক সার জমিন সাদ বাদ' প্রকাশিত হয়। এরপর থেকেই সাঈদী তার বিভিন্ন ওয়াজ মাহফিলে, জাতীয় সংসদে এবং অন্যান্য জায়গায় হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখেন। এসব বক্তব্য দেওয়ার কিছুদিন পর ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি বাংলা একাডেমীর বইমেলা থেকে বাড়ি ফেরার পথে রাতে আণবিক শক্তি কমিশনের উল্টো দিকের রাস্তায় হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় হুমাযুন আজাদ তাকে আক্রমণের পেছনে মৌলবাদি জঙ্গি সংগঠন এবং সাঈদী জড়িত আছেন বলে অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ ওই সংগঠনের শূরা সদস্যরা জড়িত ছিলেন বলে জানতে পারেন। বহুমাত্রিক লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদ ২০০৪ সালের ১১ আগষ্ট জার্মানির মিউনিখ শহরে মারা যান। এর আগে গত বছরের ২০ অক্টোবর হুমায়ুন আজাদের ভাই এ মামলার বাদি মজ্ঞুর কবির মামলায় প্রকৃত আসামিদের অর্ন্তভূক্ত করা হয়নি দাবি করে এ আদালতে এ মামলায় অধিকতর তদন্তের আবেদন করেছিলেন । ২০০৭ সালের ১৪ নভেম্বর জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, মিজানুর রহমান মিনহাজ, আনোয়ার আলম ওরফে আনোয়ার হোসেন খোকাকে আসামি করে হত্যা প্রচেষ্টা ও বিষ্ফোরক দ্রব্য আইনে পৃথক দুইটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে হত্যা চেষ্টা মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারের জন্য নিয়ে আসা হয়। এর আগে অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় জেএমবি সদস্য হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের সিআইডি হেফাজতের অনুমতি দেয় আদালত। এ মামলায় জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা সালাহউদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়া হয়। অপর জেএমবি সদস্য মিনহাজুর রহমান শাওনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/১৯৪৪ ঘ.