প্রদীপ চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগষ্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "যেদিন চিহ্নিত রাজাকারদের বিচার শেষে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, সেই দিন আমি আনন্দে উল্লাস করবো। ওরা যেখানে আমার স্বজনদের হত্যা করেছে, সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, দেখ, আজ বাংলার বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধীদের শাস্তি হয়েছে। এই রকম একটি দিনের অপেক্ষায় আছি, ৩৯ বছর ধরে।"
বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বজন হত্যার বিচারের প্রতীক্ষায় থাকা রাজধানীর পল্লবী থানার দুয়ারীপাড়ার আমীর হোসেন মোল্লা।
তিনি ১৯৭১ সালে পল্লবীর আলোকদি গ্রামে গণহত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামাসহ ১০ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলার বাদী।
গত ২ আগষ্ট এই চার ব্যক্তিকে একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০০৮ সালের ২৪ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন মীর আবুল কাশেম, সর্দার আব্দুস সালাম, খাজা অসীম উদ্দিন (মৃত), আকতার গুণ্ডা, নেওয়াজ ও লতিফ। শেষের তিনজন অবাঙ্গালী। তারা পাকিস্তানে পালিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলায় বলা হয়, ১৯৭১ সালের ২৪ এপ্রিল ফজরের নামাজের সময় হানাদার বাহিনী হেলিকপ্টারে করে তুরাগ নদীর পারে আলোকদি গ্রামে যায়। এ সময় পূর্বদিক থেকে কাদের মোল্লার নেতৃত্বে অসীম, আকতার গুন্ডা, নেওয়াজ, লতিফ, ডোমাসহ রাজাকার বাহিনীর একশ থেকে দেড়শ সদস্য গ্রাম ঘিরে ফেলে নির্বিচারে গুলি চালাতে থাকে। তারা গ্রামের ৬৪ জন বাসিন্দাকে হত্যা করে যার মধ্যে ২১ জন বাদীর আত্মীয়।
ওই দিন আলোকদী গ্রামে ধান কাটতে আসা ২৮০ জন শ্রমিককেও হানাদার বাহিনীর সহযোগিতায় হত্যা করে তারা তিনটি কূপে ফেলে মাটি চাপা দেয়। একই সঙ্গে পুরো গ্রামও জ্বালিয়ে দেয়।
মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ওই গণহত্যার বিভিন্ন পর্ব তুলে ধরেন।
তিনি বলেন, "দীর্ঘ ৩৯ বছর পর যখন গত ২ আগস্ট নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা আর কামারুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, আমি আনন্দে চোখের পানি ফেলেছি। এতদিন পর হলেও ওদের মত কুখ্যাত রাজাকারদের কারাগারে নেওয়া হয়েছে এটাও কম অনন্দের নয়।"
"আরও বেশি আনন্দিত হবো, যেদিন ওইসব রাজাকারদের বিচার শেষে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। আমি সেই দিন আনন্দে উল্লাস করবো। ওরা যেখানে আমার স্বজনদের হত্যা করেছে, সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, দেখ, আজ বাংলার বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধীদের শাস্তি হয়েছে।"
এটুকু বলে যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা ফিরে যান ১৯৭১-এর ২৪ এপ্রিলে। যেদিন আলোকদি গ্রামে ওই গণহত্যার ঘটনা ঘটেছিল।
তিনি বলেন, "৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দিন থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় বিহারীদের সঙ্গে খন্ড-খন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। এ সময় আমি মিরপুর একটি স্কুলের ছাত্র। মেট্রিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম।
"২৩ এপ্রিল আব্বা ধান কাটার জন্য আমাকে নিয়ে বিরুলিয়া গ্রামে যায়। নৌকায় অতিরিক্ত ধান ভর্তি করায় আমাদের বাড়ি ফিরতে দেরি হয়।"
"সন্ধ্যার সময় আব্বা বাড়ি না ফিরে আমাকে নিয়ে আলোকদি গ্রামে আমার খালু রুস্তম আলীর বাড়িতে আশ্রয় নেন। ভোর রাতে গুলির শব্দে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। একদিক থেকে আজানের শব্দ অন্য দিক থেকে আসছে গুলির শব্দ।"
"এ অবস্থায় আব্বা আমার হাত ধরে দৌড়ে পাশের একটি খালের লাফ দেয়। এরপর খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকি।"
এরপর কয়েক মুহুর্ত চুপ করে থেকে আবার বলতে শুরু করেন আমির হোসেন।
তিনি বলেন, "ওই সময় অনেকেই কাদের মোল্লার নাম ধরে চিৎকার করছিল। বলছিল, 'ইসকো পাকরো, ওসকো মারডালো, কাদের ভাই ইথার আয়ে; এভাবে তারা দুপুর ১ টা পর্যন্ত সারা গ্রামে তান্ডব চালায়। হত্যা করে আমার খালুসহ ৬৪ জনকে। এরমধ্যে আমার আরও ২০ জন আত্মীয় ছিল।
"এরপর তারা হত্যা করে আলোকদী গ্রামে ধান কাটতে আসা ২৮০ জন শ্রমিককে। তিনটি কূপ খুড়ে সব লাশ ফেলে দেওয়া হয়। যাওয়ার সময় ওরা পুরো গ্রামটাও জ্বালিয়ে দেয়।"
হেলিকপ্টার থেকে পাকিস্তানী সৈন্যরা আলোকদি গ্রামে নেমেছিল উল্লেখ করে তিনি বলেন, "পশ্চিম দিক থেকে হেলিকপ্টারে করে পাকিস্তানী সৈন্যরা গ্রামে ঢুকে। আর কাদের মোল্লার নেতৃত্বে রাজাকাররা পূর্ব দিক থেকে প্রবেশ করে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
"হামলা শেষে আমরা গ্রামে গিয়ে দেখি আমার খালুকে ছুড়ি দিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। গুলিতে ঝাঁঝড়া করা হয়েছে আমার আরো অনেক আত্মীয়কে।"
এত বছর পর কেন মামলা করেছেন?
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত অনুকূল পরিবেশ ছিল না। এছাড়া বিচার বিভাগ স্বাধীন হওয়ায় মনে করেছি ন্যায় বিচার পাবো। তাই দীর্ঘ দিন পরে হলেও মামলাটি করেছি।"
মামলা করায় নিরাপত্তাহীনতার মধ্যে আছেন কিনা- এ প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, "একাত্তরে যুদ্ধের সময় ডান হাতে ও পায়ে গুলি লেগেছিল। আমি মনে করি তখনই মরে গেছি। এই ৩৯ বছর বেঁচে আছি সেটা আমার জন্য বোনাস। আর মৃত্যুর ভয় আমি করি না। একাত্তরে যখন মরিনি, তখন রাজাকারদের শাস্তি কার্যকর করা দেখেই মরবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৪৫২ ঘ.
bdnews24