ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের তিন নেতা ও এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে র্যাব। (আরো তথ্যসহ)
র্যাবের গোয়েন্দা শাখা মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি সাটার গান, পাঁচ রাউন্ড গুলি, ছয়টি তাজা বোমা ও বিস্ফোরকসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে র্যাবের দায়িত্বশীল একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল জায়েদ বিন সাবিত ছাত্র শিবিরের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি, সুলতান মোহাম্মাদ রিপন বাংলা কলেজ শাখার সভাপতি, আলমগীর হোসেন মতিঝিল থানা শাখার সাবেক সভাপতি এবং মো. এমরান মোহাম্মদপুর ৪২ নম্বর ওয়ার্ড শিবির সভাপতি।
এদিকে এই ঘটনার পর র্যাব সদর দপ্তরে দুপুরে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সেখানে বক্তব্য রাখেন র্যাবের মিডিয়া উইং'এর পরিচালক কমান্ডার এম সোহায়েল।
তিনি জানান, দেশের চলমান সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসাবে সরকারী একটি গোয়েন্দা সংস্থা, র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র্যাব-২ যৌথ অভিযান চালিয়ে এই চার জনকে গ্রেপ্তার করে।
প্রথমে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন রতনপুর গ্রাম থেকে সাবিতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ককটেল ও বিস্ফোরক উদ্ধারের জন্য রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের পেছনে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।
সোহায়েল বলেন, এরপর মিরপুর ১ নম্বর থেকে বাংলা কলেজ শাখার সভাপতি রিপনকে রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। রিপনের দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেনকে। আলমগীর হোসেনের কাছে পাওয়া যায় ৯৫ হাজার টাকা। এই টাকা দলের সাংগঠনিক কাজের জন্য সংগ্রহ করা হয়েছিল বলে আলমগীর র্যাবকে জানায়।
আলমগীর হোসেনকে গ্রেপ্তারের প্রায় আড়াই ঘন্টা পর রাত আড়াইটার দিকে সাবিতের দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরে একটি মেসে অভিযান চালিয়ে মো. ইমরান ওরফে মাসুমকে গ্রেপ্তার করা হয়।
এই মেস থেকে উদ্ধার করা হয় শাটারগান, বোমা, সালফার ও পটাশসহ বিস্ফোরক দ্রব্য, চাঁদা আদায় রশিদ বই, বিপুল পরিমাণ সাংগঠনিক পুস্তিকা, শতাধিক মোবাইল ফোন সেট ও সীম উদ্ধার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরো কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/জেবি/এইচএ/২০২৬ ঘ.
bdnews24