২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারসহ বিএনপির তিননেতার বিরুদ্ধে সমন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের তিন নেতার বিরুদ্ধে বগুড়া ও পঞ্চগড়ের আদালতে আরো দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের তিন নেতার বিরুদ্ধে বগুড়া ও পঞ্চগড়ের আদালতে আরো দুটি মামলা হয়েছে। মঙ্গলবার করা এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছে। প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির অভিযোগে বিএনপি মহাসচিবসহ চারনেতার বিরুদ্ধে ঢাকা, নড়াইল, মুন্সীগঞ্জ, ভোলা, যশোর ও খুলনায় মামলা হয়েছে। বাকিরা হলেন- বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় কমিটির সদস্য মওদুদ আহমদ ও রফিকুল ইসলাম মিয়া। এর মধ্যে শাহ মোয়াজ্জেম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে খুলনার আদালত। এসব মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, "আপনার বাবার যে পরিণতি হয়েছে আপনারও তাই হবে"। রফিকুল ইসলাম মিয়া বলেছেন, "আপনার বাবা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় আল্লাহর নির্দেশে উপরে চলে গেছেন। আপনিও আপনার বাবার পরিণতির কথা চিন্তা করেন"। ওই সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারাজুল ইসলাম। খোন্দকার দেলোয়ার ছাড়া মামলায় আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনকে। শুনানি শেষে হাকিম মো. হাসানুজ্জামান তাদের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পঞ্চগড়: জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম মো. জাফরোল হাছান মামলাটি আমলে নিয়ে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বাদে অন্য দুই বিএনপি নেতাকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.