২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বৃহস্পতিবার

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপি মহাসচিবসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা মামলার' প্রতিবাদে আগামী ৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 05:29 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপি মহাসচিবসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা মামলার' প্রতিবাদে আগামী ৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে বিকাল ৩টায় এই বিক্ষোভ সমাবেশ হবে। মঙ্গলবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, "আর দুর্নীতি করবেন না, নাকে খত দিয়ে অঙ্গীকার করুন।" মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার একের পর এক মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার এসব কৌশল নিয়েছে।" সেইসঙ্গে পুলিশি রিমান্ডের নামে বিরোধী দলীয় নেতাদের বন্দি অবস্থায় নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ তুলেন মির্জা আলমগীর। তিনি গত ১ আগস্ট বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, "প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দেন নি। এটা প্রতিহিংসামূলক বক্তব্য। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। তাই প্রধানমন্ত্রীর এই বক্তব্য উদ্দেশ্যমূলক ও অসত্য।" সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/১৭৩৭ ঘ.