২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতার, পঙ্কজ, ফয়সাল, হেলাল ও শাহজাহানের সাজা বাতিল

দুর্নীতির মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিনের ছেলে মীর হেলালউদ্দিন ও জামায়াত নেতা শাহজাহান চেীধুরীকে দেওয়া নিু আদালতের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিনের ছেলে মীর হেলালউদ্দিন ও জামায়াত নেতা শাহজাহান চেীধুরীকে দেওয়া নিু আদালতের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাদের দায়ের করা পৃথক আপিল আবেদনে এ রায় দেয়। সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৩১ মে আ ন হ আখতার হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় বিশেষ জজ আদালত তাকে ১০ বছর কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তার দায়ের করা আপিল আবেদনের ওপর সোমবার শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। অপরদিকে ২০০৭ সালের ২২ মার্চ ধানমণ্ডি থানায় পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। ২০০৭ সালের ২৬ আগস্ট ঢাকার বিশেষ আদালত এ মামলায় পঙ্কজ দেবনাথকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে পঙ্কজের দায়ের করা আপিল আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন। ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুদক মামলা করে ২০০৭ সালের ২ জুলাই। বিশেষ আদালত ২০০৮ সালের ১৩ এপ্রিল তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়। মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে দুদক মামলা করে ২০০৭ সালের ৬ মার্চ। বিশেষ আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ওই বছরের ৪ জুলাই। জামায়াত নেতা শাহজাহান চেীধুরীর বিরুদ্ধে দুদক মামলা করে ২০০৭ সালের ২ জুলাই। এ মামলায় তাকে ২০০৮ সালের ১৩ এপ্রিল ১০ বছরের সাজা দেয় বিশেষ আদালত। ফয়সাল ও হেলালের দায়ের করা আপিলের ওপর সোমবার শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। দুদকের পক্ষে আপিলের শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেবি/কেএমএস/১৯০৮ ঘ.