ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। (সংশোধন)
মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
রোববার আওয়ামী ওলামা লীগের সভাপতি হযরত মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, ইতিপূর্বেও ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য নানাভাবে চেষ্টা করেছে ও হুমকি দিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাও চালিয়েছে।
বিচারক এ কে এম এমদাদুল হক দুপুরে বাদীর জবানবন্দী গ্রহণ শেষে হত্যার হুমকি আমলে নিয়ে আসামিদের আগামী ২৫ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আদেশে বলা হয়, এ মামলায় রাষ্ট্রদ্রোহিতার কোনো উপাদান পাওয়া যায় নি। রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে হলে সরকারের অনুমোদান দরকার। বাদি সে অনুমোদনও আনেন নি।
গত ১৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।"
ওই সমাবেশে খোন্দকার দেলোয়ার হোসেন এবং শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এজে/জেবি/এইচএ/১৮৫৮ ঘ.
bdnews24