২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের বিচারে বাইরের নয়, ভেতরের চাপ আছে'

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে দেশের বাইরের কোনো চাপ নেই। তবে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশের মধ্যেই অনেক চাপ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 07:26 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

চাঁদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে দেশের বাইরের কোনো চাপ নেই। তবে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশের মধ্যেই অনেক চাপ রয়েছে। শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে দীপু মনি আরো বলেন, "যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। তারা দেশকে অস্থিতিশীল করার নানা পাঁয়তারা করছে। এই বিচার বানচালে যে যত চেষ্টা করুক না কেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ হবে।" চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় একটি পানি শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে আমরা যুগোপযোগী মানবতামুখী একটি সংবিধান পেতে যাচ্ছি। সংবিধান কাটা-ছেঁড়া করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা আর সম্ভব হবে না।" পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুদ্দোহা, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সাইফুল ইসলাম সুমন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাফ্ফর আহমেদ। এর আগে দীপু মনি জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে ৮৮ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩২৩ ঘ.