ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার মরদেহ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত অবস্থায় মান্নান ভূঁইয়ার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সে সকাল পৌনে ৭টার দিকে গুলশানের বাসায় পৌঁছায়। তখন সেখানে এক মর্মস্পর্শী অবস্থার সৃষ্টি হয়।
মরহুমের মরদেহ বাসার নিচ তলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। খোলা হয়েছে শোক বই।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কোরাআন তেলোয়াত করছেন মুসল্লিরা।
বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মান্নান ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে। এরপর মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে সরকারি আসাদ কলেজ মাঠে হবে তৃতীয় জানাজা।
মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী শিবপুরের মাছিমনগরের পারিবারিক গোরস্তানে তার দাফন হবে।
প্রবীণ এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে সকালেই গুলশানের বাসায় ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিপিবি'র পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বিএনপি নেতা মাহবুবুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। সর্বশেষ কেমোথেরাপি দেওয়ার পর থেকে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারছিলেন না তিনি। এরপর তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয়।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটির চিকিৎসকদের পরামর্শে মান্নান ভূঁঁইয়াকে দেশে এনে গত ৭ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিলো তাকে। কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস চলছিলো। সোমবার রাত থেকে তার অবস্থার গুরুতর অবনতি ঘটে।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯৫০ ঘ.
bdnews24