২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার স্বার্থে আপনি যুদ্ধাপরাধীদের বিচার চান না: খালেদাকে আশরাফ

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অবস্থান অস্পষ্ট-আবারো এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 05:00 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অবস্থান অস্পষ্ট-আবারো এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। খালেদাকে কার্যত যুদ্ধাপরাধীদের সমর্থক অভিহিত করে তিনি মঙ্গলবার এক সভায় বলেছেন, "আপনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। কার স্বার্থে আপনি যুদ্ধাপরাধীদের বিচার চান না। জনসম্মুখে এসে বলেন, আপনি যুদ্ধাপরাধীদের বিচার চান না।" মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ পাদদেশে স্বেচ্ছাসেবক লীগের ষোড়শ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হচ্ছে।" স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ বলেন, "এ বিচার চলবেই। কোনো শক্তি এ বিচারকে বাধা দিতে পারবে না। যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচার বাংলার মাটিতেই হবে।" তিনি অভিযোগ করেন, জামায়াতকে সাহস যোগাচ্ছে বিএনপি এবং খালেদা জিয়া। যেভাবে তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করেছিল। মন্ত্রী জানান, বিশ্নের বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কম্বোডিয়ায় গত সোমবারও একজন যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। তিনি বলেন, "আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সংসদ, জনগণ ও সরকার। এই বিচার যেনো স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, তার সব প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে।" আশরাফ বলেন, "শেখ হাসিনা হুমকি-ধামকীকে ভয় পায় না। তিনি হুমকি-ধামকীকে ভয় পেলে দেশে ফিরতেন না।" আশরাফ তার বক্তব্যের শুরুতেই স্বোচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, "পত্র পত্রিকায় অন্যান্য সংগঠনের খবর যে রকম এসেছে স্বেচ্ছাসেবক লীগের নাম তেমন শোনা যায়নি।" আশরাফ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গড়ে তোলার জন্যও স্বেচ্ছাসেবক লীগের প্রতি আহবান জানান। তিনি বলেন, "আওয়ামী লীগ যা বলে, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যায় না। আওয়ামী লীগ বলেছে- বাংলাদেশকে বদলাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলাবে।" দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আশরাফ বলেন, "দিন শুধু কথায় বদলাবে না। আমাদেরকেও বদলাতে হবে। আওয়ামী লীগের পরিবর্তন না হলে বাংলাদেশের পরিবর্তন হবে না।" এর আগে, পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি বিএনপি নেতা চৌধুরী আলমের নিখোজ হওয়া প্রসঙ্গে বলেন, "আওয়ামী লীগ ৬১ বছরের ইতিহাসে গোপন কিছু করেনি। আওয়ামী লীগে ষড়যন্ত্রের রাজনীতি করে না, গুমের রাজনীতি করে না। এই রাজনীতি করার ইতিহাস তাদের আছে, যাদের জন্ম অবৈধ পন্থায়।" দীপু মণি বলেন, "নিখোঁজ হওয়ার ইতিহাস আমাদের নেই। বিরোধীদলীয় নেতা বিভিন্ন সময়ে নিখোঁজ হয়েছেন। বিডিআরের ঘটনার পর তিনি কয়েকদিন নিখোঁজ ছিলেন। এর আগে, এরশাদের সময়েও তিনি কিছু দিনের জন্য নিখোঁজ ছিলেন।" স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এরআগে সংগঠনের পক্ষ থেকে ভোরে ধানমণ্ডিতে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর সংগঠনের সদস্যরা সকালে গণ ভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সমাবেশ শেষে এক র‌্যালি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ অতিক্রম করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এসএএ/জিএনএ/২১৪৫ ঘ.