রাজশাহী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুটিয়া উপজেলার বিড়ালদহে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় এক ছাত্রদল নেতাকে জবাই করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে বিড়ালদহ কলেজ মাঠে একই সময়ে সমাবেশ আহ্বান করায় পুটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনোয়ার বিড়ালদহ কলেজ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিড়ালদহ কলেজ মাঠ এবং আশেপাশের ৫শ' গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করে রোববার রাতে মাইকিং করা হয়েছে।
২২ জুলাই রাতে সন্ত্রাসীরা উপজেলার বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নুহ্ আলমকে (২৮) বিড়ালদহ বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে জবাই করে হত্যা করে। এঘটনায় আওয়ামী লীগের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারার দুই ভাইসহ ১৬ জনকে আসামি করে পুটিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ দাবি করছে, মাদক ব্যবসার জের ধরে নিজেদের মধ্যে কোন্দলে নুহ্ আলম খুন হয়েছে।
পুটিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, নুহ্ আলম হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকাল ১০টায় বিড়ালদহ কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। কোন পক্ষই যাতে সভা, সমাবেশ করতে না পারে সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন।
ওসি জিয়াউল আলম সোমবার সকালে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন পক্ষ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য বিড়ালদহ কলেজ মাঠ এবং এর আশপাশে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০৬ ঘ.
bdnews24