২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে একযোগে কাজ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা ও পুলিশ প্রশাসনকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা ও পুলিশ প্রশাসনকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মন্ত্রী এ নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলা পর্যায়ে পুলিশের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন দেওয়ার দায়িত্ব চেয়ে আবারো ব্যর্থ হন জেলা প্রশাসকরা। বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা ও পুলিশ প্রশাসনকে একযোগে কাজ করতে বলা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়নের জন্য জেলা প্রশাসনকেও সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে। ডিসিদের কাছে জঙ্গি তৎপরতা, সন্ত্রাস ও চাঁদাবাজদের নির্মুল করতে সহায়তা চাওয়া হয়েছে। তারাও পুলিশের সঙ্গে মিলেমিশে কাজ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ডিসিদের পক্ষ থেকে জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে পুলিশের মতো র‌্যাবকেও অন্তর্ভূক্ত করার প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সব জেলায় র‌্যাবের কার্যক্রম নেই। তবে যেসব জেলায় আছে, সেখানে র‌্যাবকে অন্তর্ভূক্ত করতে বলা হয়েছে। বাকী সব জেলায় কি করা যায়, সে ব্যাপারে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।" এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "র‌্যাব পুলিশ বাহিনীরই একটি অংশ। তাই পুলিশ যেখানে আছে, সেখানে র‌্যাবের থাকা বা না থাকা একই কথা। এ বিষয়ে জেলা প্রশাসনকে বলা হয়েছে।" পুলিশের গোপনীয় প্রতিবেদন দেওয়ার বিষয়ে ডিসিদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া।" এছাড়াও সভায় সমূদ্র সৈকত কুয়াকাটায় ফাঁড়ির পরিবর্তে নতুন থানা স্থাপন এবং পুরান থানা মেরামত বা নতুন করে নির্মাণের বিষয়ে জেলা প্রশাসকরা আলোচনা করেছেন বলে জানান মন্ত্রী সাহারা খাতুন। বৈঠকের আলোচনা প্রসঙ্গে জেলা প্রশাসকদের মধ্যে সিলেটের সাজ্জাদ হোসেন বলেন, "বর্তমানে জেলা প্রশাসকরা বিভিন্ন জেলায় পাসপোর্ট দেওয়ার দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তর বিভিন্ন জেলায় অফিস ভাড়া করে এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে মন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা পাসপোর্ট দেওয়ার কাজটি জেলা প্রশাসকদের কাছেই রেখে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় আর বাড়ছে না।" ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসক আব্দুল মান্নান জানান, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সভা-সমাবেশের মাধ্যমে সচেতনতা বাড়ানোর ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০২৬ঘ.