ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ভেঙে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে তা পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
একই সঙ্গে তিনি বলেছেন, সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে কমিটি পুনর্গঠন করা হলে বিএনপি তাতে যোগ দেবে। অন্যথায় বিএনপি ক্ষমতায় আসলে আবারও সংশোধনী এনে সংবিধান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে।
গত ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
পঞ্চম সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধান সংশোধনে এই বিশেষ কমিটি গঠন করেছে। কমিটিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কোনো সাংসদও নেই।
শনিবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মওদুদ আহমেদ।
তিনি বলেন, "সংখ্যানুপাতে বিশেষ কমিটি গঠন করে সংবিধানের মৌলিক সংশোধনী গ্রহণযোগ্য নয়। বর্তমান বিশেষ কমিটি একদলীয় একটি কমিটি। ওই কমিটি ভেঙে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে কমিটি পুনর্গঠন করা হলে তাতে বিএনপি যোগ দেবে।"
কমিটিতে বিএনপির একজন সদস্য মনোনয়ন চেয়ে সরকারি দলের চিঠি প্রেরণকে একটি 'লোক দেখানো' কাজ হিসেবে উল্লেখ করে মওদুদ বলেন, "সত্যিকারভাবে তারা (সরকার) বিরোধী দলের সহযোগিতা চায় না। মানুষকে বোঝানোর জন্য বিরোধী দলের কাছে একটি চিঠি দিয়েছে মাত্র। সরকার একদলীয়ভাবে সংসদ চালাচ্ছে, বিশেষ কমিটিও করেছে একদলীয়ভাবেই।"
"এভাবে সংবিধানে একতরফাভাবে সংশোধন করা হলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে তা আবার সংশোধন করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনবে", বলেন বিগত চারদলীয় জোট সরকারের এই আইনমন্ত্রী।
এ সময় তিনি অভিমত প্রকাশ করেন সরকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চুতর্থ সংশোধনী বাতিল না করে কখনোই '৭২ সালের মূল সংবিধানে ফিরে যেতে পারবে না।
মওদুদ বলেন, "সরকার '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলে জনগণের মধ্যে ধূম্রজাল সৃষ্টি করেছে। তারা কখনোই '৭২ সালের সংবিধানে ফিরে যেতে পারবে না।"
এ প্রসঙ্গে তিনি সংবিধানে বিসমিল্লাহির রাহমানুর রাহীম রাখার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, "এক দিকে সরকারের মন্ত্রীরা ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন, বিসমিল্লাহির রাহমানুর রাহীম ও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। তা হলে কি দাঁড়ালো? এটা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই নয়।"
সংবিধানে ধর্ম নিরপেক্ষতা থাকা সম্পর্কে মওদুদ বলেন, "একাত্তরের প্রবাসী সরকার যে স্বাধীনতা সনদ তৈরি করেছিলো তাতে ধর্ম নিরপেক্ষতা বলে কিছু ছিলো না। ওই সনদের ওপর ভিত্তি করেই আমাদের এই সংবিধান প্রণীত হয়েছে।
"আজকে যারা ধর্ম নিরপেক্ষতাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে থাকেন, তারা সঠিক কথা বলেন না। মুক্তিযুদ্ধের চেতনা ছিলো একটি শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ।"
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন গত ২ ফেব্র"য়ারি খারিজ করে আপিল বিভাগ। এর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৫০১ ঘ.
bdnews24