ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফারুক হত্যা মামলায় বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরীকে দুই মাসের অন্তবর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হ্েব না তার কারণ জানাতেও সরকারের প্রতি রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ২৭ জুন প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীতে গাড়িতে আগুন লাগানো হলে ফারুক নামে এক ব্যক্তি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ হরতালের দিন শমসের মুবিন চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে ফারুক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শমসের মবিনের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন।
ব্যারিস্টার মাহবুব হোসেন বলেন," হাইকোর্টের এই আদেশের ফলে শমসের মবিনের মুক্তি পেতে আর কোন বাধা রইল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এসএএ/এইচএ/১৫৫৪ঘ.
bdnews24