ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে উত্তরা ষড়যন্ত্র মামলায় রিমান্ড বাতিলের আবেদন নাকচ করেছে আপিল বিভাগও।
তবে হাইকোর্টের আদেশে তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ও একটি করে বালিশের ব্যবস্থা করার নির্দেশের বিরুদ্ধে সরকারের আবেদনে মঙ্গলবার কোনো আদেশ দেননি আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এস কে সিনহা।
ফলে আগের আদেশই বহাল রয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
গত ১৫ জুলাই উত্তরা থানায় দায়ের করা ষড়যন্ত্র মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীর রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে হাইকোর্ট। পাশাপাশি তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ও একটি করে বালিশের ব্যবস্থা করার নির্দেশ দেয়।
ওইদিন তাদের রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট বনাম রাষ্ট্র মামলার উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা মান্য করতে নির্দেশ দেয় আদালত।
ওই নির্দেশনায় রয়েছে, এক মামলায় একটানা তিন দিনের বেশি রিমান্ডে রাখা যাবে না, রিমান্ডের আগে ও পরে শারীরিক পরীক্ষা করতে হবে এবং কোন ধরনের নির্যাতন করা যাবে না ইত্যাদি।
গত ৩০ জুন এই তিন জামায়াত নেতাকে উত্তরা থানায় দায়ের করা হিজবুত তাহরির লিফলেট বিতরণ সংক্রান্ত ষড়যন্ত্রের মামলায় রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি আদালত।
রিমান্ড বাতিলের জন্য তারা গত ১১ ও ১৩ জুলাই হাইকোর্টে আবেদন করে।
তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৭১৫ ঘ.
bdnews24