২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তরা ষড়যন্ত্র' মামলায় মুজাহিদের তিনদিনের রিমান্ড

'উত্তরা ষড়যন্ত্র' মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'উত্তরা ষড়যন্ত্র' মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ২০০৬ এর ২৪ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় যুগ্ম সচিব, উপসচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিবসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে নিয়ে উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুমুদর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে গোপন বৈঠকের ঘটনায় বিমানবন্দর থানায় মামলাটি হয়। এই মামলায় সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম কামরুন নাহার রুমী মুজাহিদকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অন্য পাঁচটি মামলায় ১৬ দিন জিজ্ঞাসাবাদ শেষে মুজাহিদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। 'উত্তরা ষড়যন্ত্র' মামলায় তাকে আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনজুর মোরশেদ। অন্যসব মামলার মত এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদন বাতিল এবং জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম কামরুন নাহার রুমী তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তদন্ত কর্মকর্তা মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরার আর্টিসান্স সিরামিকসের কার্যালয়ে বসে ষড়যন্ত্র করা হয়। ষড়যন্ত্রে এ মামলায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় মুজাহিদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ মামলায় আর কারা কারা জড়িত ছিলো- সেটা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তারা জামিন পেলেও উত্তরা, পল্টন থানায় করা মামলাসহ পাঁচটি মামলায় তাদের ১৬ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। পরে তাদের মুক্তিযুদ্ধের সময় পল্লবীতে গণহত্যার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/২১২৫ ঘ.