ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে জনমত গড়ে তুলতে বিভাগীয় ও জেলা পর্যায়ে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে আশরাফ ওই বৈঠকের সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, এ সরকার ইতিমধ্যেই যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সংগঠিত এবং বিচার নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় মহাজোটকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ বিভাগীয় ও জেলা পর্যায়ে মহাসমাবেশ করবে।"
রমজানের পরে এসব মহাসমাবেশ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিভাগীয় সমাবেশগুলোতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
আশরাফ বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়নের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভায় আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পুনর্ব্যক্ত করে তিনি জানান, সংবিধান সংশোধনের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তা পর্যালোচনা করতে শিগগিরই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, "আইনী বাধ্যবাধকতার কারণে '৭২ এর সংবিধানে কিভাবে ও কোন প্রক্রিয়ায় ফিরে যাওয়া হবে, এই কমিটি তা ঠিক করবে।"
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সর্বদলীয় কমিটিতে শুধু মহাজোটের নয়, বরং সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন।
জামায়াতের প্রতিনিধি থাকবেন কিনা জানতে চাইলে সরাসরি এর জবাব না দিয়ে তিনি বলেন, "কমিটি গঠন করলে কারা থাকছে তা জানবেন।"
কার্য নির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন বলেও জানান তিনি।
আশরাফ বলেন, "শুধু দলীয় নেতাকর্মী নয়, যারাই আইন বিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।"
১৫ ও ২১ আগস্ট-এর নানা কর্মসূচি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।
সৈয়দ আশরাফ জানান, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনাসভাসহ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪-১৬ আগস্ট তিনদিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। এছাড়া সব সাংগঠনিক জেলা শাখার পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও কর্মসূচি দেবে।
এছাড়া গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ ও ২২ আগস্ট কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালন করবে।
বিভাগীয় ১১টি উপ-কমিটি
কার্য নির্বাহী সংসদের সভায় দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মোট ১১টি বিভাগীয় উপ-কমিটি গঠন করেন।
উপ-কমিটিগুলো হচ্ছে- অর্থ, আইন, কৃষি, ত্রাণ, প্রচার, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক।
এ সব উপ কমিটির দায়িত্বে রয়েছেন যথাক্রমে মসিউর রহমান, অ্যাডভোকেট রেজাউর রহমান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, হোসেন তওফিক ইমাম, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, শফিউল্লাহ বীরউত্তম, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক কাজী আকরাম উদ্দীন আহমদ, অধ্যাপক আব্দুল খালেক ও অধ্যাপক ডা. আব্দুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/এইচএ/২০২০ ঘ.
bdnews24