খুলনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় একই স্থানে একই সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর খালিশপুর থানাধীন চরেরহাট এলাকায় সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
খালিশপুর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, চরেরহাট মোড়ে বিকাল ৫টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকে।
অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে পুলিশ কমিশনারের নির্দেশে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সমাবেশ স্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
দলীয় নেতাকর্মীরা জানান, গত ৩ জুলাই চরেরহাট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিএনপি ও আওযামী লীগ নেতাদের মধ্যে বিরোধ হয় এবং বিএনপির তিন নেতা লাঞ্ছিত হন।
এর প্রতিবাদে বিএনপি শুক্রবার মিছিল-সমাবেশের কর্মসূচি দেয়।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজকের (শুক্রবারের) সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।
খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান মিঠু সাংবাদিকদের জানান, এক সপ্তাহ আগে খালিশপুর থানা বিএনপির পক্ষ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে সমাবেশ করার অনুমতি নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যই স্থানীয় আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে একই স্থানে একই সময়ে সমাবেশ ডেকেছেন।
অভিযোগ নাকচ করে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ডাকা এই সমাবেশের অনুমতি তারা অনেক আগেই খালিশপুর থানা থেকে নিয়েছেন।
বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24