ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পল্লবী থানায় দায়ের করা গণহত্যা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে পাঁচ দিন হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিন হেফাজত চেয়ে আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম রোখসানা বেগম বুধবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন সময় দেন।
সিআইডির পরিদর্শক নুরুল ইসলাম সিদ্দিকী এ আবেদন করেন।
এদিকে পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা, পুলিশকে জখম করাসহ রাষ্ট্রপতির গাড়ি বহরকে বাধা দেওয়ার অভিযোগে চলতি বছরের ফেব্র"য়ারি ও জুন মাসে পল্টন থানায় দায়ের করা তিন মামলায় এই দুই জনকে গ্রেপ্তার দেখানোরও আবেদন করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. ইসমাইল হেসেন তা মঞ্জুর করেন।
অন্য তিন মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য ও প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার রুহুল আমিন ।
এর আগে কড়া নিরাপত্তায় বেলা পৌনে ৪টার দিকে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার বিকালে হাইকোর্টের সামনে থেকে প্রথমে কাদের মোল্লা এবং পরে কামারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদেরকে মিন্টো রোডের গোয়েন্দা দপ্তরে রাখা হয়।
কাদের মোল্লাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রমনা জোনের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
পরে কামারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গেও তিনি একই কথা বলেন।
এর আগে মঙ্গলবারই হাইকোর্ট কেরানীগঞ্জ থানায় দায়ের করা মুক্তিযোদ্ধা হত্যা মামলা ও শাহবাগ থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুটি মামলায় কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেয়।
মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোকদী গ্রামে গণহত্যার ঘটনায় ২০০৮ সালের ২৪ জানুয়ারি পল্লবী থানায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা গণহত্যার এই মামলাটি দায়ের করেন।
মামলাটিতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানসহ আরো অনেককেই আসামি করা
হয়েছে।
মামলাটি সিআইডি তদন্ত করছে।
মামলায় বলা হয়েছে, বাদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আহবানে সাড়া দিয়ে সেচ্ছ্বাসেবক বাহিনী গঠন করে স্থানীয়দের নিয়ে মিরপুরে প্রশিক্ষণ শুরু করেন। অন্যদিকে আসামি আবদুল কাদের মোল্লা পাকিস্তানের অখন্ডতা রক্ষার নামে অবাঙ্গালী বিহারীদের নিয়ে প্রশিক্ষণ শুরু করেন।
'৭১ সালের ২৪ এপ্রিল ভোরে পাকবাহিনী হেলিকপ্টারে করে তুরাগ নদীর পারে গ্রামে অবতরণ করে। এ সময় কাদের মোল্লার নেতৃত্বে অপর আসামিরা আলোকদী গ্রামটি ঘিরে ফেলে। তারা নিবির্চারে গুলি চালিয়ে ওই গ্রামের নিরীহ ৬৪ জনকে হত্যা করে। এ ছাড়া ওই গ্রামে বোরো ধান কাটতে আসা ২৮০ জন কৃষি শ্রমিকসহ মোট ৩৪৪ জনকে হত্যা করে মাটি চাপা দেয় অভিযুক্তরা ।
রিমান্ড আবেদনে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআডি পুলিশের পরিদর্শক মো. নূরুল ইসলাম সিদ্দিকী বলেন, "কাদের মোল্লা ও কামারুজ্জামান ছাড়া পেলে পালিয়ে যাবে। তারা দু'জনই দেশের মানুষের কাছে ঘৃনিত ব্যক্তি। তাদের নামে দেশের বিভিন্ন জায়গায় আরো মামলা রয়েছে। আর কারা কারা এ মামলার ঘটনার সঙ্গে জড়িত সে তথ্য উদ্ধারের জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।"
দুই আসামির পক্ষে আদালতে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, এস এম সোহরাব হোসেন ,এস এম কামাল উদ্দিনসহ প্রমুখ আইনজীবী।
তারা শুনানিতে বলেন, "রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য কাদের মোল্লা এবং কামারুজ্জামানকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার ঘটনার সঙ্গে তারা জড়িত ছিলেন না। তারা দু'জনই স্বনামধন্য সাংবাদিক এবং দেশপ্রেমিক। তারা অসুস্থ ও বয়স্ক মানুষ।"
আসামির একজন আইনজীবী বলেন, "হাইকোর্টের আদেশ অমান্য করে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।"
এ বক্তব্যের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবী কারাগারে কাদের মোল্লা ও কামারুজ্জামানকে চিকিৎসা ও প্রথম শ্রেনীর মর্যাদা দেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন রিমান্ড মঞ্জুর করে তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন মহানগর হাকিম রোখসানা বেগম হেপী।
প্রায় এক ঘন্টা শুনানি শেষে বিকাল ৫ টার দিকে তাদেরকে এজলাস থেকে কোর্ট হাজতে নিয়ে যাওয়া হয়।
এদিকে মামলার অপর দুই আসামি নিজামী ও মুজাহিদকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় গত ২৯ জুন গ্রেপ্তার করা হয়।
পরদিন আদালত তাদেরকে ওই মামলায় জামিন দিলেও পাঁচটি মামলায় ১৬ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/এসএএ/২০৫৮ঘ.
bdnews24