২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, একটা 'অস্থির পরিস্থিতি' সৃষ্টির উদ্দেশ্যেই জি এম কাদেরের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 01:40 PM

ঢাকা, ১১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, একটা 'অস্থির পরিস্থিতি' সৃষ্টির উদ্দেশ্যেই জি এম কাদেরের পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন তিনি। জেলা জাতীয় পার্টির সভাপতি খান মোহাম্মদ ইস্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, সালমা ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদ, রমজান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এরশাদ বলেন, "একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্যই জি এম কাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন- একথা বলে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। কিন্তু আমি যতদূর জানি তিনি পদত্যাগ করেননি।" তিনি আরো বলেন, "কিছুদিন আগে একইভাবে আমার অসুস্থতা নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। আমি হাসপাতালে চিকিৎসাধিন ছিলাম, অথচ বাইরে প্রচার করা হলো আমি মারা গিয়েছি। এসব অপপ্রচারে কেউ কান দেবেন না।" জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি অর্জনের আহ্বান জানিয়ে সাবেক এ স্বৈরশাসক বলেন, আগামীতে ৩শ' আসনে যোগ্য প্রার্থী দিতে হবে। এককভাবে নির্বাচন করার শক্তি অর্জন করতে না পারলে কেউই জাতীয় পার্টিকে মূল্যায়ন করবে না। পদে পদে অবজ্ঞা, অবহেলা আর অপমানের শিকার হতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে এরশাদ বলেন, অনেক কথা আজ বলতে চাই না। আশা ছিল দেশে সংঘাত থাকবে না। কিন্তু সেই 'হরতাল আর জ্বালাও-পোড়াও' রাজনীতি আবার ফিরে এসেছে। মনে হয় অদূর ভবিষ্যতে এ থেকে মুক্তি পাওয়া যাবে না। ২০ বছর পর ঢাকা জেলার সম্মেলন হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ২৪ বছর পর এই সম্মেলন হচ্ছে। এটা বড় লজ্জার কথা। কোনো কোনো জেলায় ১৯৮৬ সালে জাতীয় পার্টির জন্মের পর আজ পর্যন্তও সম্মেলন হয়নি, নতুন কমিটি হয়নি। এই অবস্থা মেনে নেওয়া যায় না। জি এম কাদের বলেন, "বর্তমান প্রেক্ষাপটে দেশের আনাচে-কানাচে অনেক পরিবর্তন এসেছে। জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তারা এরশাদের সেই শাসনামলের কথা কল্পনা করছে। তাদের আস্থা এখন জাতীয় পার্টি আর এরশাদকে ঘিরে।" তিনি বলেন, "তবে এ জন্য এককভাবে নির্বাচন করার ক্ষমতা অর্জন করতে হবে। কার সঙ্গে জোটবদ্ধ হবো তা নির্বাচনের আগে, না পরে সে সিদ্ধান্ত পরে নিতে হবে। কেননা নির্বাচনের নানা মেরুকরণ থাকে। আমরা ততটুকুই পাবো, যতটুক আমাদের শক্তি থাকবে। না পেলে বুঝতে হবে আমরা শক্তি অর্জন করতে পারিনি।" রুহুল আমিন হাওলাদার বলেন, "প্রধানমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ করেছি, আমাদের কাছে রাখুন, সহযোগিতা করুন। আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যে সমস্যা তৈরি হলে আমরা কেউই লাভবান হবো না।" সম্মেলনে ঢাকা জেলার বিভিন্ন থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অধিকাংশ বক্তা সরকার জাতীয় পার্টিকে মূল্যায়ন করছে না বলে অভিযোগ করে আগামীতে এককভাবে নির্বাচন করার জন্য পার্টির চেয়ারম্যানকে পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২১০ ঘ.