২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের অবস্থার জন্য আ.লীগ দায়ী: ফখরুল

পার্বত্য অঞ্চলসহ দেশের সমস্যার সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 08:45 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য অঞ্চলসহ দেশের সমস্যার সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। ফখরুল ইসলাম আলমগীর বলেন, "অশান্ত পার্বত্য চট্টগ্রাম কিংবা অশান্ত বাংলাদেশের সমস্যার সমাধান করতে হলে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। কোনো দল কিংবা গোষ্ঠীর একার পক্ষে এই অশান্ত পরিবেশ থেকে উত্তোরণ ঘটানো সম্ভব নয়।" পার্বত্য গণ পরিষদের উদ্যোগে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে 'অশান্ত পাহাড় : বিপন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা' শীর্ষক এই জাতীয় সংলাপ হয়। সংলাপে মূল প্রবন্ধ পাঠ করেন এস এম নজরুল ইসলাম। মির্জা আলমগীর অভিযোগ করেন, "পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগই দায়ী। তারা নির্বাচনের আগে যেসব প্রতিশ্র"তি দিয়েছিলো, তার কোনোটিই তারা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, "দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলেই পার্বত্য অঞ্চলে পাহাড়ী ও অপাহাড়ীদের মধ্যে দ্বন্দ্বের অবসান হতে পারে বলে তিনি মনে করেন।" কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, "আলোচনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে সমস্যা সমাধান সম্ভব। তবে দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসা হলে তাতে কোনো সফলতা আসবে না।" তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বৈষ্যমমূলক বলেও অভিহিত করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, পার্বত্য গণ পরিষদের সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী আলমগীর, মহাসচিব মাহমুদুল হাসান নিজামী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৩৮ ঘ.