ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের সমন্বয়ক ড. সৈয়দ গোলাম মাওলাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মাহবুবুর রহমান।
তিনি জানান, গত মার্চ মাসে উত্তরা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার তিনি এজাহারভূক্ত আসামী। একই মামলার প্রধান আসামী হিযবুত তাহরীরের মুখপাত্র গ্রেপ্তারকৃত আরেক ঢাবি শিক্ষক মহিউদ্দিন আহমেদ।
এর আগে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মাওলা অপর ১০ সহযোগীসহ রাজশাহীর সাহেববাজারের মনি চত্বরের রাজশাহী সিটি প্রেস ক্লাবের নিচতলা থেকে গ্রেপ্তার হন।
জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ২০০৯ সালের ২২ অক্টোবর।
উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ, জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তানসহ বিভিন্ন দেশে হিজবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এইচএ/২১০০ ঘ.
bdnews24