২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা সত্ত্বেও চট্টগ্রামে মানববন্ধন সফল দাবি

পুলিশি বাধা সত্ত্বেও চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 09:55 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধা সত্ত্বেও চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি নগরীর পতেঙ্গা সুমদ্র সৈকত থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করার প্রস্তুতি নেয়। এজন্য সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়। তবে পুলিশের বাধায় নগরীর কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টেই ৪-৫ মিনিটের বেশি অবস্থান করতে পারেনি তারা। মানববন্ধন করার জন্য নগরীর দেওয়ানহাট মোড়ে বিএনপির কর্মীরা দাঁড়ালে পুলিশ তাদের হটিয়ে দেয়। এসময় বিএনপি কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ তাদের মৃদু লাঠিপেটা করে। ওই এলাকা থেকে পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করেছে বলে ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে। মহানগর বিএনপির নেতারা সকাল ১১টার দিকে নগরীর ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন করার চেষ্টা করেন। তখন পুলিশ এসে তাদের সরে যেতে বলে। এরপর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। আমীর খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক সাংসদ রোজী কবীর, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফজলুল হক, বিএনপি নেতা আবু সুফিয়ান, মোশাররফ হোসেন দীপ্তি, আহমেদুল আলম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ। সমাবেশে বক্তারা নগরীর সল্টগোলা, দেওয়ানহাট মোড়, ওয়াসা মোড়, মুরাদপুর, বহদ্দার হাট ও কালামিয়া বাজারে মানববন্ধন করতে আসা বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা চালানোর ও গ্রেপ্তার করার অভিযোগ আনেন। এ সময় প্রতিকূলতা সত্ত্বেও মানববন্ধন সফল করায় দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপির আন্দোলন কখনো দমানো যাবে না। সমাবেশ শেষে মহানগর সভাপতি আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা চালিয়েছে। কর্মীদের গ্রেপ্তার করেছে। এর পরও আমরা শান্তিপূর্ণভাবে সফলতার সঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেছি।" এ সময় তিনি অবিলম্বে বিএনপির গ্রেপ্তারকৃত কর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৫৫৩ ঘ.