ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও মহানগর বিএনপি নেতা চৌধুরী আলমের অবস্থান জানতে চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর বুধবার আদেশ দেবে আদালত।
মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন।
চৌধুরী আলমের ছেলে আবু সায়ীদ চৌধুরী সোমবার রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে সরকারের সরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপচিালকসহ ১২ জনকে বিবাদি করা হয়েছে।
চৌধুরী আলমকে বেআইনীভাবে আটক রাখা হয়নি নিশ্চিত করতে কেনো তাকে (আলম) আদালতে হাজির করা হবে না সরকারকে তার কারণ জানাতে আবেদনে প্রার্থনা করা হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দাবি করেন, ২৫ জুন রাতে ফার্মগেট এলাকা থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে আটক করে নিয়ে গেছেন।
'নিখোঁজ' পর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আলমের কোনো খবর দিতে পারেনি।
আবেদনটির ওপর মঙ্গলবার শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/আরএ/জিএনএ/১৮১৮ঘ.
bdnews24