২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে আদালতে হাজির করার নির্দেশ

বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত অবমাননা মামলায় আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 08:16 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত অবমাননা মামলায় আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। গত ২ জুন আপিল বিভাগ আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী হাসুসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আদালত তাদেরকে ৫ জুলাই ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়। মঙ্গলবার আপিল বিভাগে মাহমুদুর রহমান ছাড়া অপর চারজন হাজির হন। তারা চারজন সোমবারও হাজির হয়েছিলেন। মাহমুদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক সময় আবেদন জানিয়ে বলেন, মাহমুদুর রহমান কারাগারে আটক রয়েছেন। তাই তিনি হাজির হতে পারেননি। শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "আদালত মাহমুদুরকে আগামী বৃহস্পতিবার হাজির করাতে সরকারকে নির্দেশ দিয়েছে।" গত ২১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় "চেম্বার মানেই সরকার পক্ষে স্টে" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমনানাকর দাবি করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আদালত অবমাননার আবেদন দায়ের করেন। প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণা এক মামলায় গত ২ জুন ভোররাতে মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১ জুন পত্রিকাটির প্রকাশনা বাতিল ও প্রেস সিলগালা করে দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/কেএমএস/১৪১১ ঘ.