২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে এ্যানির চিকিৎসার ব্যবস্থা করতে স্পিকারের আশ্বাস

কারাবন্দি বিএনপি সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- কারাবন্দি বিএনপি সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে দলীয় সাংসদদের একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর ফারুক এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান । ফারুক বলেন, "এ্যানিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে সব ব্যবস্থা নেবেন বলে স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। স্পিকার আমাদের জানিয়েছেন- এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজই (সোমবার) কথা বলবেন। আমরা আশা করছি এ্যানি অচিরেই বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।" তিনি জানান, গুলশানের ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে সিঙ্গাপুরে কুইন এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার একটি পরামর্শপত্র দিয়েছেন। সেটি স্পিকারের কাছে দেওয়া হয়েছে। এ্যানি বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, "সাংসদ এ্যানির হৃদপিন্ডের ধমনীতে তিনটি স্ট্যাইন লাগানো রয়েছে।" গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে শাহবাগের কাছে এ্যানি গুরুতর আহত হন। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ্যানিকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২ জুনও বিএনপি দলীয় সাংসদরা স্পিকার আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সাংসদ মাহবুবউদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন, রেহানা আখতার রানু, সাম্মী আখতার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/কেএমএস/১৬৪২ ঘ.