ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ জুলাই ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি। হরতালের মতো এই কর্মসূচিতেও সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কিংবা কর্মসূচি বানচালের চেষ্টা করলে তার পরিণতি শুভ হবে না।"
তিনি বলেন, "আমি সরকারকে বলবো, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। মানববন্ধন কর্মসূচিতে বাধা দেবেন না।"
নয়া পল্টনে বিএনপির এই যৌথসভা হয়। বেলা ১১টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় মানববন্ধন কর্মসূচি সফল করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
পরে সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার বলেন, "আমরা জনগণকে সম্পৃক্ত করে মানববন্ধন কর্মসূচি সফল করবো। এজন্য সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ করা হবে।"
তিনি সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, "পুলিশ বাহিনীর সহযোগিতা নিয়ে সরকারি দল গত ২৭ জুন হরতালে যে তাণ্ডব চালিয়েছে, তাতে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। এটা সরকারের অবৈধ ও অগণতান্ত্রিক চেষ্টা।"
গত ২৭ জুন হরতালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ২৮ জুন মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি বিভাগীয় সদর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।
দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যের মধ্যে সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, রাজিয়া ফয়েজ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্ল
bdnews24