ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দিন বেআইনী সমাবেশ ও পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির সহ-সভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীসহ সাতজন জামিন পেয়েছেন।
বুধবার ঢাকার মুখ্য মহানহগর হাকিম রাশেদ কবির তাদের জামিনের এ আদেশ দেন।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- মোস্তফা আহমেদ, ইয়াহিয়া, বাবুল, সুলতান মাহমুদ, মতিয়ার রহমান ও কামাল।
একদিন রিমান্ড শেষে দুপুরে আদালতে তাদেরকে হাজির করা হয়।
এ সময় তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেজবা শুনানি করেন।
গত ২৭ জুন প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওইদিনই গুলশান থানায় তাদের বিরুদ্ধে বেআইনী সমাবেশ, পুলিশকে হত্যার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়।
মামলায় বলা হয়, ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে আসামিরা মহাখালী রেল গেটে দায়িত্বরত পুলিশকে লক্ষ করে দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা কনস্টেবল আলমগীরকে হত্যারও চেষ্টা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/আরএ/১৬১০ ঘ.
bdnews24