ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী ও সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি নেতাদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপির সংসদীয় দল।
মঙ্গলবার দুপুরে সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক এই দাবি জানান।
গত রোববার হরতালের সময় এই নেতাদের পুলিশ গ্রেপ্তার করে।
এ্যানির ওপর হামলা প্রসঙ্গে ফারুক বলেন, "হরতালের সময় শাহবাগের কাছে পুলিশের উপস্থিতিতে সরকারি দলের ছাত্র সংগঠনের সশস্ত্র কর্মীরা সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানির ওপর নির্যাতন করে। সংসদ চলাকালে এভাবে একজন সংসদ সদস্যের ওপর হামলা নজিরবিহীন ঘটনা। নির্যাতনের পর ভিত্তিহীন মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
একই সঙ্গে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এ্যানিকে বিদেশে সুচিকিৎসার জন্য তার আশু মুক্তি দাবি করেন ফারুক।
ফারুক বলেন, "এ্যানির অবস্থা ভাল নয়। তার বুকে ও পিঠে লাঠি দিয়ে প্রহারের দাগ রয়েছে।"
হরতালে গ্রেপ্তার হওয়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও নির্বাচিত ওয়ার্ড কমিশনারদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
বিরোধী দলের প্রধান হুইপ ফারুক সংসদের যোগ দেওয়ার পরিবেশ সৃষ্টির শর্ত হিসেবে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, তার বাসায় সংসদের কার্যসূচিসহ ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারিদের প্রবেশাধিকার নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে সংসদকে অবহিত করা, বিএনপির দেওয়া মূলতবি প্রস্তাবসমূহ বিশেষ করে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, টিপাইমুখ বাঁধ প্রভৃতি বিষয়ে মূলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ দেওয়া। তিনি জানান, এসব দাবি সরকারি দল মেনে নিলে তারা সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
তবে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিতে তারা সংসদে যাচ্ছে না বলে জানান তিনি।
সংবাদ ব্রিফিংকালে মোশাররফ হোসেন, মাহবুবউদ্দিন খোকন, মেজবাহ উদ্দিন ফরহাদ, হারুন অর রশীদ, আমজাদ হোসেন, নাজিম উদ্দিন আহমেদ, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাম্মী আখতার, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/কেএমএস/১৪২২ ঘ.
bdnews24