২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৫ নির্বাচন কর্মকর্তা পুনর্বহালের রায় স্থগিত

৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 08:17 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারের পৃথক চারটি আপিল করার আবেদনের (লিভ টু আপিল) পরিপ্রেক্ষিতে ছয় সপ্তাহের জন্য এ রায় স্থগিত করে দেন। আপিল করার আবেদন চারটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে সরকার গত ১০ জুন পৃথক চারটি আপিল করার আবেদন দায়ের করে। গত ২০ মে হাইকোর্টে একটি জনস্বার্থে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আদালতের রায় স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে তাদের পুনর্বহালের আদেশ কেন অবৈধ হবে না, তা জানাতে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহদীন মলিক। ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় হাওয়া ভবনের পছন্দ অনুযায়ী ওই নিয়োগ হয় বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। অভিযোগ রয়েছে, সে সমালোচনা আমলে নেননি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ। নিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেয় ইসি। তাতে অনুত্তীর্ণ ৮৫ জনের চাকরি স্থায়ী করা হয়নি। ওই ৮৫ জনের আবেদনে গত ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরি দিতে আদেশ দেয়। এরপর গত ১৭ মে তাদের পুনর্বহাল করে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৪০৯ ঘ.