ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সহ বিভিন্ন জঙ্গি সংগঠন তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে আশংকা করেছেন কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক।
রাজধানীতে সোমবার সন্ত্রাস দমন বিষয়ক এক আন্তর্জাতিক কর্মশালায় তারা এ আশংকার কথা জানান।
কর্মশালার উদ্বোধন শেষে বিআইপিএসএস-এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যক্রম দিন দিন বাড়ছে। দু-একজনকে গ্রেপ্তার বা শাস্তি দিলেই এ সমস্যার সমাধান হবে না।"
এ জন্য ধারাবাহিক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব দেন তিনি।
স্থানীয় একটি হোটেলে ব্রিটিশ হাইকমিশনের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) পাঁচ দিনব্যাপী 'কাউন্টার টেররিজম ক্যাপাসিটি বিল্ডিং' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫ জন কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন।।
এই কর্মশালায় অংশগ্রহণকারীদের সন্ত্রাস দমন বিষয়ে নানা ধারণা দেওয়া হবে বলে জানান মনিরুজ্জমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিঙ্গাপুর ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স এন্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর) এর সহকারী অধ্যাপক জন হ্যারিসন এবং নিরাপত্তা গবেষক সাফকাত মুনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/আরএ/১৬৪৪ঘ.
bdnews24