ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল কর্মসূচি পালনের সময় সরকারের 'দমননীতির' নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই নিন্দা জানানো হয়।
রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই জরুরি বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন খালেদা জিয়া।
সারাদেশে হরতাল সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানানো হয় বৈঠকে।
এতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ দলের নেতাদের গ্রেপ্তার, মির্জা আব্বাসের বাসায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও 'হামলা-নির্যাতনের' ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
পৌনে এক ঘন্টার এ বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
বৈঠক শুরু হওয়ার আগে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''হরতাল কর্মসূচি পালনের সময় সংঘঠিত ঘটনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের চেয়ারপারসন এই জরুরি বৈঠকে বসেছেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৩ ঘ.
bdnews24