২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে পরিস্থিতি 'স্বাভাবিক' ছিলো: হানিফ

হরতাল চলাকালে রোববার দেশের পরিস্থিতি 'স্বাভাবিক' ছিলো বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেইসঙ্গে হরতালের 'বিকল্প' খুঁজে বের করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছে দলটি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে রোববার দেশের পরিস্থিতি 'স্বাভাবিক' ছিলো বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেইসঙ্গে হরতালের 'বিকল্প' খুঁজে বের করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছে দলটি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "দেশের বিভিন্ন স্থান থেকে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে জনজীবন সম্পূর্ণরূপে স্বাভাবিক ছিল। সরকারি অফিস-আদালত, দোকানপাট, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ যথারীতি চলেছে। রিকশা, লঞ্চ, রেল ও বিমান চলাচল স্বাভাবিক ছিলো।" বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। জনগণ এ হরতাল 'প্রত্যাখ্যান' করেছে দাবি করে তিনি দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এখনো সময় আছে হঠকারী অগণতান্ত্রিক পথ ছেড়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় ফিরে আসুন। সংঘাতের রাজনীতি পরিত্যাগ করুন। হরতালের পথ পরিহার করে প্রতিবাদের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করুন। মানুষকে শান্তিতে থাকতে দিন। অপেক্ষা করুন। এখনই অস্থির হবেন না। জনজীবনে অব্যাহত দুর্ভোগ সৃষ্টির পরিণতি শুভ হবে না।" এক প্রশ্নের জবাবে হানিফ দাবি করেন, আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি এবং ভবিষ্যতেও বিরোধী দলের কোনো কর্মসূচিতে সরকার বা আওয়ামী লীগ বাধা দেবে না। মির্জা আব্বাসের বাড়িতে হামলা এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যারা গাড়ি পোড়ায় এবং মানুষ হত্যার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সরকার তাই নিয়েছে। বড় নেতা হলে কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এমনটা নয়। মীর্জা আব্বাস আইনের ঊর্ধ্বে নন। রাজনীতির নামে যারা 'সন্ত্রাসী' কর্মকাণ্ড চালাবে- সেসব চিহ্নিত সন্ত্রাসী, তালিকাভুক্ত অস্ত্রধারী ক্যাডার, বোমাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। হরতালের আগে শনিবার রাতে অগ্নি সংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হানিফ অভিযোগ করেন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিএনপি জনগণকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলো। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। তারা আর কোনো উপায় না পেয়ে নির্বাচিত সরকারের বিরুদ্ধে 'মিথ্যাচার ও বিভ্রান্তি' ছড়ানোর পাঁয়তারা করছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন, আফজাল হোসেন, মৃনাল কান্তি দাশ, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এইচএ/২০০০ ঘ.