২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বাড়িতে হামলা

গ্রেপ্তারের পর বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় ঢুকে মারধর ও ভাংচুর করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 07:12 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পর বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় ঢুকে মারধর ও ভাংচুর করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার বিএনপির হরতাল চলাকালে দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে শাজাহানপুরে মিছিল বের হয়। মিছিলটি সোয়া ১২টার দিকে মির্জা আব্বাসের বাসার কাছে পৌঁছলে র‌্যাব ও পুলিশ পেছন থেকে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে। তখন মিছিলের অনেকে মির্জা আব্বাসের বাড়ির গলিতে ঢুকে পড়ে। অনেকে আশ্রয় নেয় বাড়ির ভেতরে। ঘটনার কিছু সময় পর আফরোজা আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মির্জা আব্বাসের মুক্তির দাবিতে শাজাহানপুরে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এসব রাস্তায় মিছিল নিষিদ্ধ না হলেও র‌্যাব-পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে র‌্যাব আমার বাড়িতে ঢুকে বেশ কয়েকটি কক্ষে ভাংচুর ও লুটপাট চালায়।" বাড়িতে র‌্যাবের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয় দাবি করে তিনি বলেন, হামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীও ছিলেন। তবে বিকালে এক সংবাদ সম্মেললে আফরোজা আব্বাস দাবি করেন, তার বাড়িতে র‌্যাবের হামলায় ৭০-৮০ জন আহত হয়। এছাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৫০-৬০ জনকে। হামলায় র‌্যাবের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন দাবি করে তিনি বলেন, "বাসার প্রতিটি কক্ষে ভাংচুর করা হয়েছে। আমার শাশুড়ীর ওপরও হামলা চালিয়েছে ওরা। বাড়ি থেকে মোবাইল ফোন ও ফাইলপত্র লুটপাট করা হয়েছে।" হামলার সময় বাড়ির ভেতরে মেয়েদের সঙ্গে অশোভন আচরণ করা হয় অভিযোগ করে আফরোজা আব্বাস এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সংবাদ সম্মেলনের আগে মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাব আমাকেসহ বাড়ির ৮-১০ জন কর্মীকে বেধড়ক পিটিয়েছে।" মির্জা আব্বাসকে রোববার বেলা ১১টার দিকে নিজের বাসার কাছে মিছিল ও পিকেটিং করার সময় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শনিবার মতিঝিলে একটি গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওদিকে, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়ায় মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এলএইচ/এজে/১৬৫৫ ঘ.