ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে।
সকালে হরতালের শুরুতে রাজধানীর শাহবাগের কাছে এক সংঘর্ষে বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও ইডেন কলেজ ছাত্রদলনেত্রী পপিসহ কমপক্ষে সাতজন আহত হয়েছে।
গুরুতর আহত এ্যানি ও পপিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, টেন্ডারবাজি-দখলবাজি, সরকারবিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন-হয়রানি বন্ধ, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, প্রশাসন দলীয়করণ ও চাকুরিচ্যুতি, পক্ষপাতমূলক নির্বাচন কমিশনের পদত্যাগ, ভারতের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচারসহ ১১ দফা দাবিতে সরকারকে সতর্ক করতে এ হরতালের ডাক দিয়েছে বিএনপি।
গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির মহসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকদের সমর্থন রয়েছে এতে।
হরতাল উপলক্ষে রাজধানীতে বিডিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তত ১০ হাজার সদস্য মোতায়েন রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হয়েছে।
বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬টায় হরতাল কর্মসূচি শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমরা সকালে কাকরাইলের কাছে মিছিল করেছি।"
সকাল সাড়ে ৭টায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনে দলের কার্যালয়ের দিকে যেতে চাইলে নাইটেঙ্গলের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেন।
নাইটেঙ্গলের কাছে কাঁটাতারের বেষ্টনী দিয়ে নয়া পল্টনের পুরো সড়ক অবরোধ করে রেখেছে পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কে।
রিজভী আহমেদ জানান, হরতালের খবর পর্যবেক্ষণে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি কনট্রোল রুম খোলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে প্রথম দফা ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি সংর্ঘষ শুরু হয়। ছাত্রদল কর্মীরা শাহবাগ মোড়ে হরতালের সমর্থনে মিছিল ও স্লোগান দিতে গেলে ছাত্রলীগসহ পুলিশ তাদের ওপর হামলা চালায়। এর পর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরপর পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে অবস্থানরত ছাত্রদলের কর্মীরা এ্যানির নেতৃত্বে মিছিল করতে গেলে সরকারি দল সমর্থিত হাসপাতালের কর্মচারীরা তাদের বাধা দেয়।
ছাত্রদল কর্মীরা হাসপাতালের একটি জানালা ও রাস্তায় গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে সংর্ঘষ বেধে যায়। তখন সেখানে এ্যানি ও পপিসহ কয়েকজন আহত হয়। পরে পুলিশ সেখান থেকে ছাত্রদলের কর্মীদের সরিয়ে দেয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান খান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শান্তিপূর্ণ হরতালের পক্ষে মিছিল করছিলাম। তখন ছাত্রলীগ ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এরপর আমাদের কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যায়।"
সকালে হাতিরপুলের কাছ থেকেও পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা হরতালের বিপক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতের মিছিল করেছি। শাহবাগের ঘটনার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়।"
বিএনপির ডাকা এই হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ মাঠে নেমেছে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (ন্যাপ) সহ সমমনা সাতটি দলের নেতাকর্মীরা।
হরতাল পালনে বিএনপি রাজধানীর ঢাকায় পিকেটিংয়ের জন্য ৩০টি স্পট চিহ্নিত করেছে। এসব স্পটে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে কর্মীরা মিছিল-সমাবেশ করছেন বলে জানিয়েছেন রিজভী আহমেদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পৃথক পৃথক বিবৃতিতে হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক ও সব শ্রেণী-পেশার মানুষসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মহাজোট সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিএনপির এটি প্রথম হরতাল। এর আগে স্থানীয় দুই নেতার মৃত্যুতে পুরান ঢাকা এবং বগুড়ায় হরতাল পালন করে স্থানীয় বিএনপি।
দীর্ঘ সাড়ে তিন বছরের অধিক সময় পর দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে সর্বশেষ ২০০৬ সালের ২১ সেপ্টেম্বর আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এজে/০৯০৯ ঘ.
bdnews24