ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের কারাগারে দু'হাজার ৬১ জন বাংলাদেশী আটক আছে।
জাতীয় সংসদের শনিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এ কথা জানিয়েছেন।
লক্ষ্মপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে দীপু মণি একথা জানান।
আটক বাংলাদেশীদের মধ্যে বাহরাইনে ১২ জন, ব্রনেইতে দু'জন, মিশরে সাত জন, আলজেরিয়ায় ২৩ জন, সাইপ্রাসে ২৪ জন, ইরানে ৪৩ জন, জাপানে সাত জন, জর্ডানে ১৯ জন, সিরিয়ায় এক জন, মায়ানমারে ৭৬ জন, ওমানে ১৬১ জন, সিঙ্গাপুরে ১৮০ জন, তুরস্কে ২৩ জন, আজারবাইজানে তিন জন, চীনে আট জন, ভারতে ১৮৯ জন, যুক্তরাজ্যে ১৮৮ জন এবং সৌদি আরবে আছে এক হাজার ৪৬ জন।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে দীপু মণি বলেন, "বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ বাংলাদেশ দূতাবাসগুলোর একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে সরাসরি বিনিয়োগে বিদেশীদের উৎসাহ বৃদ্ধিতে দূতাবাসগুলো নিয়মিত সংশ্লিষ্ট দেশের চেম্বার অব কমার্সের সাথে বৈঠকের আয়োজন করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮০০ ঘ.
bdnews24