ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতালে রাজধানীর প্রধান সড়কে মিছিল করলে এ্যাকশনে যাবে পুলিশ। মিরপুর-এয়ারপোর্টসহ প্রধান সড়কগুলোতে মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার রাজারবাগ পুলিশ টেলিকমে হরতাল নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা জানান।
হরতালের সময় জনগনের যানমালের নিরাপত্তা রক্ষা ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ১০ হাজার পুলিশ মাঠে থাকবে বলে জানান পুলিশ কমিশনার।
হরতালে নাশকতামূলক কাজে জড়িত থাকতে পারে এ ধরনের ব্যক্তিদের তালিকা করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে তাদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শহীদুল হক। তবে তালিকায় কতজন রয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া হরতালের আগে কোন গণগ্রেফতার হবে না বলে জানান তিনি।
রাজনৈতিক দল শান্তিপূর্নভাবে হরতাল পালন করলে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে জানিয়ে শহীদুল হক বলেন, হরতালে কোন ধরনের বাধা দেয়া হবে না। তবে যারা হরতালে সাড়া না দিয়ে দোকানপাট খুলবে ও যানবাহন নিয়ে বেরোবে তাদের বাধা দিলে পুলিশ এ্যাকশনে যাবে এবং তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হবে।
পরিবহন মালিক সমিতির নেতারা পুলিশ কমিশনারের সাথে দেখা করে যানবাহন চালু রাখা হবে বলে জানিয়েছে। এবং এ ব্যাপারে পুলিশ কমিশনার তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তবে এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, যানবাহনের কোন ধরনের ক্ষতি হলে তার দায়িত্ব পুলিশ নেবে না।
বিরোধীদলকে রাজধানীর প্রধান সড়কে কোন ধরনের মিছিল সমাবেশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধান সড়কগুলোতে মিছিল বা সমাবেশ করলে জনগন নানা ভোগান্তিতে পড়ে। জনগনের ভোগান্তি কমাতে এসব সড়কে মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এসব সড়কে মিছিল করলে পুলিশ এ্যাকশনে যাবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
হরতালে ডিএমপি'র নিরাপত্তামূলক ব্যবস্থার সার সংক্ষেপ উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, হরতালে মোট ৯টি সেক্টর থাকবে, ৪৫১টি স্থানে পিকেট থাকবে, ষ্ট্রাইকিং মোবাইল থাকবে ৭৪টি, মোবাইল টহল থাকবে ১৩৫টি, ষ্ট্রাইকিং রিজার্ভ থাকবে ১৫টি স্থানে, ক্যামেরাসহ ইনসিডেন্ট কাম এভিডেন্স টিম থাকবে ২০টি।
এছাড়া অন্যান্য ব্যবস্থার মধ্যে পুলিশ কন্ট্রোলরুমে ষ্ট্রাইকিং রিজার্ভ, সচিবালয়ে কেন্দ্রীয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকে ডিবি'র বিশেষ দল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৩০২ ঘ.
bdnews24