ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র ও মানুষের মুখ 'বন্ধ' করে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রোববার রাজধানীর মুক্তাঙ্গনে সংবাদপত্র বন্ধ ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ হুমকি দেন।
খন্দকার মোশাররফ বলেন, ''সরকার গণতন্ত্রের লেবাসে একদলীয় বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। সংবাদপত্র বন্ধ করে দিচ্ছে। জনগণের দাবিকে তারা উপেক্ষা করছে। এভাবে সরকার পার পাবে না। কারণ দেশের মানুষ সরকারের দমন-নির্যাতনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।''
সরকার বিরোধী আন্দোলনের তিন দিনের পূর্বঘোষিত কর্মসূচির এটি দ্বিতীয়।
গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ থেকে চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী গত ৯ জুন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে তাদের।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার মোশাররফ বেসরকারি টিভি চ্যানেল আমার দেশ ও চ্যানেল ওয়ান বন্ধের কঠোর সমালোচনা করে বলেন, "তারা (আওয়মী লীগ) অতীতেও সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। সরকার কোনো সমালোচনা ও বিরোধিতা সহ্য করতে পারে না বলে এবারও একই কায়দায় তারা সংবাদপত্রের মুখ বন্ধ করতে চায়। ''
তিনি আগামী ২৭ জুনের হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
মহানগর বিএনপির উদ্যোগে মুক্তাঙ্গনে বিকালে বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশের পরপরই বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি বিজয় নগর, শান্তিনগর, মালিবাগ, মৌচাক সড়ক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সিনিয়র নেতারা।
মিছিলে মহানগর বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনসহ জাতীয়তাবাদী সমর্থিত পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
মিছিল থেকে ২৭ জুনের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের আহবান জানিয়ে শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলের কারণে নয়া পল্টন, তোপখানা, বিজয় নগর, কাকরাইল, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজারের সড়কসমূহে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ঘরে ফেরা মানুষজনকে চরম দুর্ভোগে পড়তে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/এসআইটি/এইচএ/১৭৪৭ ঘ.
bdnews24