ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি।
সাংবাদিক নির্যাতন ও সংবাদপত্র বন্ধের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় দলটি।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি বিকাল সাড়ে ৪ টায় মুক্তাঙ্গনে শুরু হচ্ছে। এ কর্মসূচি বিকাল ৩ টায় হওয়ার কথা ছিলো।
মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টায় মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশও হবে। এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ।
তিনি জানান, এর আগে ঢাকার প্রায় সব ওয়ার্ড থেকে মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের মিছিল মুক্তাঙ্গনে আসবে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ জানিয়েছেন, রোববারের কর্মসূচিতে চারদলীয় ঐক্যজোট ও সমমনা দলগুলো সমর্থন জানিয়েছে। তাই এতে ওইসব দলের নেতাকর্মীরাও অংশ নেবে।
গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ থেকে চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী গত ৯ জুন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/কেএমএস/১৬০৫ ঘ.
bdnews24