চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল সমর্থিত প্রার্থী কোনো প্রকার অনিয়মের অভিযোগ না জানালেও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, এম মনজুর আলমের নারী পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র ঢুকতে না দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৯ টার দিকে নগরীর উত্তর কাট্টলী হাজি দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর।
এ সময় নোমান তার সঙ্গে ছিলেন।
সেখানে নোমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, "আমি খবর পেয়েছি, হাজি পাড়া, ঝরনা পাড়াসহ কয়েকটি কেন্দ্রে এম মনজুর আলমের পক্ষের নারী পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না।"
এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়টি রিটার্নিং অফিসার জেসমিন টুলীকে টেলিফোনে জানানো হয়েছে।"
এ সময় তার পাশে থাকা মনজুর সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত ভোট সুন্দরভাবেই হচ্ছে। অনিয়মের কোনো খবর পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/কেএমএস/১২৫৭ ঘ.
bdnews24