২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পাটের জন্মরহস্য আবিষ্কার করেছে: প্রধানমন্ত্রী

'সোনালী আঁশ' পাটের জন্মরহস্য আবিষ্কার করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে পারবে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈরি আবহাওয়ায় পাট বেড়ে উঠতে সক্ষম হবে।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সোনালী আঁশ' পাটের জন্মরহস্য আবিষ্কার করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে পারবে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈরি আবহাওয়ায় পাট বেড়ে উঠতে সক্ষম হবে। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের জন্মরহস্য (জিনম সিকোয়েন্সিং) আবিষ্কারের বিষয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, "এ বিষয়ে আমরা গোপনীয়তা রক্ষা করেছি। এটাই আমি প্রথমে সংসদে ঘোষণা করলাম। এর ইন্টালেকচুয়াল রাইট যেন বাংলাদেশের থাকে- সে জন্য আমাদের তড়িৎ ব্যবস্থা নিতে হবে।" প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি এবং বায়ো টেকনোলজির একদল তরুণ গবেষক এর সাথে সম্পৃক্ত ছিলেন। এর আগে ড. মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রে পেপের এবং মালয়েশিয়ায় রাবার গাছের জেনম সিকোয়েন্সিং করেছেন। শেখ হাসিনা বলেন, "পাটের জন্মরহস্য আবিষ্কারের ফলে বাংলাদেশ বিশ্বের গুটিকয়েক দেশের সাথে সংযুক্ত হলো। উন্নয়নশীল দেশের মধ্যে মালয়েশিয়ার পর বাংলাদেশই দ্বিতীয় দেশ যারা জিনম সিকোয়েন্সিং করতে সক্ষম হয়েছে।" প্রধানমন্ত্রী সংসদে জানান, বাংলাদেশ-চীন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি ত্রিদেশীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে বলেন, "বাংলাদেশ-চীন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জনপ্রিয় প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমি ইতিমধ্যে চীনা নেতৃবৃন্দকে একটি ত্রিদেশীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। যাতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে।" একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আসিয়ানভূক্ত দেশ ও চীনের সঙ্গে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জন্য মহাজোট সরকার এ দেশের আপামর জনগণের সুবিধার্থে সক্রিয় প্রয়াস চালিয়ে যাচ্ছে।" চলতি বছরের মার্চে চীন সফরের সময় সড়ক ও রেল যোগাযোগের স্থাপনের বিষয়ে সে দেশের সরকারের কাছ থেকে সহযোগিতা ও ইতিবাচক পদক্ষেপের আশ্বাস পাওয়া গেছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরো বলেন, "বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ-মিয়ানমার সরাসরি সংযোগ সড়ক নির্মাণের জন্য একটি স্টাডি ও ডিজাইন প্রকল্প চলমান আছে। এই সড়কটি দু'টি ধাপে নির্মিত হবে।" সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর-ই-হাসান লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সরকার শিশু উন্নয়ন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুর জন্য বিনিয়োগ হচ্ছে সর্বোত্তম বিনিয়োগ। দিন বদলের পালা আজকের শিশু আগামী দিনের জাতির কর্ণধার। এ বিষয়টি বিবেচনায় রেখেই শিশুর কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭০১ ঘ.