ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এবং যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দিয়েছে।
সদর হাসপাতালে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে তিনদিনের কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করে বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
অন্যদিকে বিএমএ-এর এ কর্মসূচীর পাল্টা হিসেবে বুধবার বিকেলে ঝাডু মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, বিএমএ নেতারা মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শহীদ ডাক্তার মিলন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা যুবলীগের সহ-সভাপতি আশিকুর রহমান বাবলুকে সন্ত্রাসী অভিহিত করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচী ঘোষনা করেন।
অপরদিকে জেলা যুবলীগের সহ-সভাপতি আশিকুর রহমান বাবলু ডাক্তার আবু সাইদের বিরুদ্ধে সদর হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগের জন্যে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনে তার অপসারন দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৩৬ ঘ.
bdnews24